নিজের সঙ্গীত সফরকে ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্কের জেরে অবশেষে ভুল স্বীকার করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আয়োজিত এক একক কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ, অগ্রহণযোগ্য এবং অসম বলে অভিহিত করেন। একই সঙ্গে গত বছরের ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকেও অত্যন্ত ভয়াবহ বলে আখ্যা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে বক্তব্য দেওয়ার কারণে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এড শিরান। কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে এই ব্রিটিশ তারকা জানান, তিনি কখনোই কোনো আন্দোলনকারী সঙ্গীতশিল্পী হতে চাননি। তবে এই বিতর্ক তাকে বাক্স্বাধীনতা এবং বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, এটি মূলত একটি মানবিক বিষয় এবং নিজের ভেতরের অনুভূতি আর চেপে রাখা তার পক্ষে সম্ভব নয়। গাজায় সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি এবং পশ্চিম তীরে চলমান কাঠামোগত অবিচার কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভেন্যু কর্তৃপক্ষের মাধ্যমে শিল্পীদের বক্তব্যে নজরদারি বা আগে থেকে অনুমোদনের ব্যবস্থার তীব্র বিরোধিতা করেন এই পপ তারকা।
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, ম্যাকলমোরকে বাদ দেওয়ার পেছনে মূলত ভেন্যু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা দায়ী ছিল। বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফট সাফ জানিয়ে দিয়েছিলেন, ম্যাকলমোর থাকলে তিনি তার স্টেডিয়ামে কনসার্ট করতে দেবেন না। এদিকে ম্যাকলমোরকে এভাবে বাদ দেওয়ার প্রতিবাদে আইরিশ গায়ক অ্যারন রো, ডেনিশ সঙ্গীতশিল্পী লুকাস গ্রাহাম এবং ব্যান্ড দল বেওগাসহ সব সহযোগী শিল্পী এই সফর বর্জন করেন।
এই বিতর্কের জেরে এড শিরানের চলমান সফরের টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায়। একপর্যায়ে টিকেটের সর্বনিম্ন দাম নেমে আসে মাত্র ৩২ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৯৪০ টাকা। অন্যদিকে ক্ষুব্ধ কিছু ভক্ত তাদের কেনা ৪৫০ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৪০৪ টাকা) টিকিট ফেরত নেওয়ার দাবি জানান। কনসার্টের দিন স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হওয়া শিরানের এই একক কনসার্ট শেষ পর্যন্ত বড় কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়।

