রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় বিআরটিসির উদ্যোগে চালু হয়েছে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগটি সাধারণ মানুষের পাশাপাশি নজর কেড়েছে ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
নিজের ব্যক্তিগত পছন্দ সম্পর্কে বর্ষা বলেন, ব্যক্তিগতভাবে গোলাপি রঙ তার খুব একটা প্রিয় না হলেও, পিংক বাসের এই বিশেষ প্রকল্পটি তার বেশ ভালো লেগেছে। তিনি মনে করেন, এমন উদ্যোগ নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
নারীদের কাজের সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে বর্ষা বলেন, মেয়েরা বর্তমানে প্রাইভেটকার, প্লেন ও হেলিকপ্টার চালানোর মতো জটিল দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছে, তাই বাস চালানো তাদের জন্য কোনো কঠিন কাজ নয়। তিনি বলেন, সুযোগ পেলে নারীরা যেকোনো পেশাতেই সমান দক্ষতা দেখাতে সক্ষম। বিশেষ করে নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থান খুঁজে পাওয়া যখন কঠিন হয়ে পড়ে, তখন এই পিংক বাস তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
অভিনেত্রী আরও বলেন, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়া জরুরি। পিংক বাসে দায়িত্ব পালনকারী নারী চালক ও কন্ডাক্টরদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের এই পথচলা দেখে অন্য নারীরাও নিজেদের স্বপ্ন বড় করে দেখার এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।
নারীদের আরও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, নারীদের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি হওয়া প্রয়োজন যে, তারাও যেকোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ভবিষ্যতে নিজেও এই পিংক বাসের যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাব।’

