কাজের প্রতি দায়বদ্ধতা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হলো অভিনেত্রী অবিকা গোরকে। শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার স্বামী মিলিন্দ চন্দওয়ানী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।
মিলিন্দ জানান, গত পাঁচ দিন ধরে অবিকা প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। কিন্তু কাজের প্রতি তার অদম্য টান ছিল। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও তিনি দুই দিনের শুটিং মাত্র এক দিনে শেষ করে আসেন। এরপর দুই দিনের বিরতি পেলেও তার শরীর সুস্থ হয়নি। মিলিন্দের কথায়, সেই সময় অবিকা প্রায় পুরো দিনই বিছানায় কাটিয়েছেন, ওষুধ খেয়েছেন এবং ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না।
এমন অসুস্থতার মধ্যেও প্রতিশ্রুতি রক্ষায় তিনি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দিল্লি উড়ে যান। দিল্লি যাওয়ার আগেই তিনি রক্তপরীক্ষা করিয়েছিলেন। মুম্বাইয়ে ফিরে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। মিলিন্দ জানান, তিনি বারবার অবিকাকে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন এবং প্রযোজকরা বিষয়টি বুঝতে পারবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী কাজ বন্ধ করতে রাজি হননি। তার যুক্তি ছিল, কাজ পিছালে অন্যদের সময় নষ্ট হবে এবং আর্থিক ক্ষতি হবে।
অবিকার এই কাজের প্রতি ভালোবাসা এবং সহকর্মীদের পরিশ্রমের প্রতি সম্মান জানানোর মানসিকতার প্রশংসা করেছেন তার স্বামী। শুটিংয়ের সময় টিমের এক সদস্য জানান, সেই সময় অবিকা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না এবং খাওয়াদাওয়া প্রায় বন্ধ ছিল। দীর্ঘদিনের প্রেমের পর ২০২৫ সালের জুনে বাগ্দান এবং গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করেন অবিকা ও মিলিন্দ। বর্তমানে অনুরাগীদের কাছে অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন মিলিন্দ।

