অপূর্বকে বাংলাদেশের উত্তম কুমার বললেন মহানায়কের ভাতিজি ঝিমলি

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বলে আখ্যা দিয়েছেন মহানায়ক উত্তম কুমারের ভাতিজি ঝিমলি ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে ঝিমলি তার এই মুগ্ধতার কথা জানান। তিনি লিখেছেন, ‘তুমি অনেক দূর যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি বাংলাদেশের উত্তম কুমার।’

এই মন্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ঝিমলি জানান, গত কয়েক মাস ধরে তিনি অপূর্বর নাটক, বিভিন্ন চরিত্র ও সাক্ষাৎকার নিয়মিত দেখছেন। কোনো কোনো কাজ তিনি বারবার দেখেছেন এবং সেখান থেকেই অভিনেতার প্রতি তার এই মুগ্ধতা তৈরি হয়েছে। ঝিমলি বলেন, ‘উত্তম কুমার আমার জ্যাঠা, তার ভাই অভিনেতা তরুণ কুমারের মেয়ে আমি। আমার বয়স ৬০-এর বেশি। অপূর্বর কাজ দেখার পর থেকে আমার মনে হচ্ছে আমি যা লিখেছি তা কমই লিখেছি।’

অপূর্বকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন জানিয়ে ঝিমলি আরও বলেন, ‘আমি ওর সমস্তটা খুঁটিয়ে দেখেছি। ওর গলায় একটি দাগ আছে সেটাও দেখেছি। প্রতিটি চরিত্র সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ওর ইন্টারভিউগুলো দেখে বুঝেছি ওর সোল খুব ভালো, যেটা উত্তম কুমারের মধ্যে ছিল।’ ঝিমলির মতে, অপূর্বর চোখের অভিব্যক্তিতেও মহানায়কের সঙ্গে মিল রয়েছে।

শুধু অভিনয় নয়, সহশিল্পীদের প্রতি অপূর্বর যত্নশীল আচরণও ঝিমলিকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘উত্তম কুমার শুধু নিজের কাজের প্রতি মনোযোগী ছিলেন না, তার সঙ্গে যারা কাজ করতেন তাদের প্রতিও কেয়ারিং ছিলেন। অপূর্বর সঙ্গে কাজ করা সহশিল্পীরাও ইন্টারভিউতে বলেন যে, অপূর্ব থাকলে অর্ধেক চিন্তা দূর হয়ে যায়।’

অপূর্বর সংগীতচর্চার প্রশংসা করে ঝিমলি বলেন, ‘ও ভালো গাইতেও পারে। ইন্টারভিউতে অপূর্ব বলেছিল সে গাইতে গিয়ে নার্ভাস ছিল, আমি বলব ও জয় করে এসেছে। আমার চাওয়া, ও যেন গান না ছাড়ে।’