ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো ব্যথিত করেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকেও। সোমবার ভোরে নিজের ব্যক্তিগত ব্লগে ফাইনাল ম্যাচ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই কিংবদন্তি অভিনেতা।
দীর্ঘদিনের ফুটবল অনুরাগী অমিতাভ বচ্চন মেসির প্রতি সহানুভূতি জানিয়ে লিখেছেন, 'খেলা শেষ… স্পেন চ্যাম্পিয়ন, আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু… খুব কষ্টের। কিন্তু প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই একদিন এমন সময় আসে। একসময় বুঝতে হয়, তোমার থেকেও ভালো কেউ এসে গেছে। তাই তোমার প্রাপ্ত ভালোবাসাকে গ্রহণ করো, সেই গৌরবের স্মৃতিতেই শান্তি খুঁজে নাও।' অমিতাভের এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনুরাগীদের অনেকের মতে, এটি কেবল একটি ম্যাচের হার নিয়ে মন্তব্য নয়, বরং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি এক গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
রবিবার অমিতাভ বচ্চনের জন্য ছিল বেশ ব্যস্ত একটি দিন। নিয়মিত রুটিন অনুযায়ী তিনি মুম্বাইয়ের জালসা বাংলোর সামনে সমবেত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর গভীর রাত পর্যন্ত জেগে তিনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের এই ‘শাহেনশাহ’।
ফুটবলের এই আবেগের পাশাপাশি অমিতাভ বচ্চন তার ব্লগে একটি মানবিক মুহূর্তের কথাও তুলে ধরেন। ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটি কুকুরকে রেনকোট পরিয়ে নিয়ে আসার একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'আর এই চ্যাম্পিয়নের কথা বলি… শুধু ভারতেই এমন দৃশ্য দেখা সম্ভব। বর্ষার বৃষ্টি থেকে বাঁচাতে তাকে পুরো ঢেকে আনা হয়েছিল। ও সেখানে কী করছিল, তা কেউ জানে না! উদ্ভাবনের আরেক নাম ভারত। ভালোবাসা রইল… এবার ঘুমোতে যাচ্ছি।'

