ভারতীয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মহসিন খান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাগদানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। প্রিয় অভিনেতার এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও সহকর্মীরা।
জানা গেছে, অভিনেতার হবু স্ত্রীর নাম তামান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করে মহসিন তার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। শেয়ার করা একাধিক ছবিতে জুটিকে দুই ধরনের পোশাকে দেখা গেছে।
নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে মহসিন লিখেছেন, এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী ও আবেগপ্রবণ মেয়েটি—যে সারাক্ষণ হাসছে, খুনসুটি করছে, আশায় ও প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে—সে যেন তার জন্যই তৈরি ছিল। তিনি তামান্নার সঙ্গে তার প্রথম পরিচয় থেকে শুরু করে সম্পর্কের বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেছেন। মহসিন জানান, প্রথমবার একে অন্যকে দেখা, হাত ধরা এবং তামান্নার ‘হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে’ গান গাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তেই তিনি অনুভব করেছিলেন যে তার মনের মানুষটির সঙ্গে সম্পর্কের স্থায়ী ভিত্তি তৈরি হয়ে গেছে।
মহসিনের বিশ্বাস, তাদের এই গল্প হয়তো আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল। নতুন এই যাত্রা প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, তাদের এই পথচলা, ভালোবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি তৈরির সফর শুরু হলো। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, তাদের করা প্রতিশ্রুতি এবং একসঙ্গে দেখা স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়া।
মহসিন ও তামান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায় ও শ্রদ্ধা আর্যসহ বিনোদন জগতের অনেকে। তবে বাগদান সারলেও বিয়ের আনুষ্ঠানিকতার দিনক্ষণ এখনও ঘোষণা করেননি এই অভিনেতা।

