বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এখন থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আর শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে না। গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়।

সভার কার্যবিবরণী অনুযায়ী, এনটিআরসিএ এখন থেকে শুধুমাত্র শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব পালন করবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় বলেন, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এনটিআরসিএ সঠিকভাবে তাদের নিবন্ধন ও প্রত্যয়নের কাজ পরিচালনা করেছে। তবে ২০১৫ সালের পর থেকে নিয়োগের সুপারিশ প্রক্রিয়া শুরুর ফলে বিভিন্ন ধরনের জটিলতা, আইনি মামলা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই কার্যকর করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু হবে। এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে খুব দ্রুত প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম ১০ বছর এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও সনদ দেওয়ার কাজ করেছে। পরবর্তীতে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে সংস্থাটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ প্রদানের কার্যক্রম শুরু করে। এই সময়ের মধ্যে এনটিআরসিএ মোট ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।