অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, আল্টিমেটাম ৭২ ঘণ্টা

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। এর আগে প্রতিষ্ঠানের সামনের সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দুই দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা। এছাড়া, ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। যতক্ষণ না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

উল্লেখ্য, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা ভোর ৫টা পর্যন্ত গড়ায়। নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ ড. মেহেরুন নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই ঘটনার জের ধরেই মূলত শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।