চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত কমিটির দুটি পৃথক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনীয় পরিমার্জন সম্পন্ন করার পর বইগুলো শিক্ষার্থীদের জন্য চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।

অনুমোদিত বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য নির্ধারিত হয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ নামে দুটি বই। অপরদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ শিরোনামের বইগুলো অনুমোদন পেয়েছে।

চতুর্থ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ ছাড়া প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।

ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের জন্য আয়োজিত পৃথক সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ সময় প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানসহ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত কমিটির পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।