‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দুপুরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল ইসলাম। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে শিক্ষার্থীদের হাতে গ্রামীণ জনজীবন ও পল্লী উন্নয়নবিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। র্যালিটি বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অডিটোরিয়ামে ‘পল্লী উন্নয়ন: জাতীয় অর্থনীতির ভিত্তি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। তিনি বলেন, গ্রামীণ জনগণের উন্নতি হলেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব। সিরডাপ পল্লীর সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগে সমাধানের চেষ্টা করছে। তিনি তরুণ শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল ইসলাম। তিনি পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেন। তিনি জানান, ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ উন্নয়ন বিভাগ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বতন্ত্র গ্রামীণ উন্নয়ন ডিগ্রি প্রোগ্রাম। বর্তমানে এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে পিএইচডি চালুর পরিকল্পনা রয়েছে।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, পল্লীর উন্নয়ন মানে শুধু অবকাঠামোর উন্নয়ন নয়; মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার উন্নয়নও এর অংশ। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পল্লীর মানুষের পাশে থেকে উন্নত পল্লী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃহাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের নির্মিত বাংলাদেশের পল্লী উন্নয়নের ইতিহাস ও অর্জন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সিরডাপের আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গাকৃবির শিক্ষার্থীদের দল ‘কার্বডিট’-এর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রতি বছর ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলেও ২০২৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশে দিবসটি উদযাপন করা হয়।

