২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর মতো কোনো কারণ সরকারের নজরে নেই। তিনি বলেন, দুর্যোগ কিংবা জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষা পেছানোর কোনো অবকাশ নেই।
শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল, যার ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করছে। ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের হাতে যথেষ্ট সুযোগ ও সময় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন শুরু হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এসএসসি পরীক্ষা পেছানোর প্রেক্ষিতে এইচএসসির সূচিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পুনরায় জোর দিয়ে বলেন যে, বর্তমানে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে পরীক্ষা পেছানোর প্রয়োজন পড়বে।

