বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) একটি ‘গ্লোবাল হাব’ বা বৈশ্বিক কেন্দ্রে রূপান্তর করতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেবল বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে দেখা উচিত নয়, বরং তাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশি শিক্ষার্থীদের নিয়ে আমরা ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তিনি এমন একটি পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন এবং নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।
অনুষ্ঠানে ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বক্তব্য রাখেন। তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম এবং ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

