ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে শিক্ষার্থীদের অভিনব বিক্ষোভ

দেশে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘জাতীয় ছাত্রশক্তি’।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের নাগরিক জীবনের সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই, বরং তা দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষ করে সারা দেশে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা দাবি করেন, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি এসেছে, যা কোনো গাণিতিক হিসাবেই মেলানো সম্ভব নয়। জনগণের পকেট থেকে টাকা লুট করার উদ্দেশ্যেই এই অতিরিক্ত বিল চাপানো হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

সমাবেশে দেশের বর্তমান গ্যাস সংকটের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, অথচ এর মধ্যেই আবার গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। সমস্যা সমাধানের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো জনদুর্ভোগ বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, বিদ্যুৎ ব্যবহার না করেও অনেক গ্রাহকের নামে লাগামহীনভাবে বিল পাঠানো হচ্ছে। সাধারণ মানুষের স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি বিল পাওয়ার অভিযোগ রয়েছে। ঢাকার বাইরের অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাগামহীনভাবে বাড়ছে।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা বলেছিলেন নির্বাচিত সরকার আসলে জনগণের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা বলেছিলেন, জনগণ তার অধিকার ফিরে পাবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।