জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাবি শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোজাদ্দেদী আলফেছানী জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা যেসব সংগঠনের সঙ্গে যুক্ত, সেগুলোকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াও শুরু হবে।

অধ্যাপক মোজাদ্দেদী গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। প্রাপ্ত প্রমাণাদি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সিন্ডিকেট সভা রাত পৌনে ১২টা পর্যন্ত স্থায়ী ছিল।

চার সদস্যের এই কমিটিতে রয়েছেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান। সোমবার সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী শিক্ষকের ব্যানারে বিএনপিপন্থি সাদা দল ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক-ইউটিএল (ইউটিএল) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছিলেন।

অভিযোগকারীদের ভাষ্যমতে, নীল দলের অনেক শিক্ষক শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং সরাসরি ছাত্রহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া, ১ আগস্ট সংবাদ সম্মেলনে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকিও দিয়েছিলেন। সাদা দল ও ইউটিএলের দাবি, ৩ আগস্ট নীল দলের মানববন্ধনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে এবং সে সময় তারা তৎকালীন প্রধানমন্ত্রীকে সরাসরি সমর্থন জানাতে গণভবনে গিয়েছিলেন।

সাদা দল ও ইউটিএলের অভিযোগ, নীল দলের কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার সুপারিশ করেছিলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ও ছাত্রলীগের কাছে সরবরাহ করেছিলেন। জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই তড়িঘড়ি করে সিন্ডিকেট সভার মাধ্যমে হল খালি করার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বদলে তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে বহিষ্কারের হুমকির অভিযোগও তোলা হয়েছে। সরকার পতনের পর ইতিমধ্যে ৬৮ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে এবং ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ৩০ জুলাই সংবাদ সম্মেলন করে সেসময়ে সংঘটিত ‘গণহত্যা’র জন্য সরকারের পদত্যাগ দাবি করায় সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে মামলা করার হুমকি দিয়েছিলেন নীল দলের শিক্ষকরা।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘অবস্থানের’ অভিযোগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬৮ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।