ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে। শিক্ষার্থীরা ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আইবিএ ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। তবে আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিন ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টন বিষয়ে জানানো হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএতে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, যার মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষার জন্য এবং ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর নির্ধারণ করা হয়েছে।
ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ইউনিটভেদে আলাদা জিপিএ শর্ত রয়েছে। বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আগামী ২৮শে মার্চ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে।
ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১-২০২৪ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

