কানাডায় পড়াশোনায় কড়াকড়ি, স্টাডি পারমিট ও পিজিডব্লিউপিতে নতুন নিয়ম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট ও পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) সংক্রান্ত নির্দেশনায় বড় ধরনের পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করেছে কানাডা সরকার। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) গত কয়েক সপ্তাহে এই হালনাগাদ নির্দেশনাগুলো প্রকাশ করেছে। যদিও সংস্থাটির দাবি, এগুলো নতুন কোনো নীতি নয়, বরং বিদ্যমান নিয়মাবলির আরও স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা।

নতুন নির্দেশনায় শিক্ষাজীবন সমাপ্তির সময়সীমা নির্ধারণে কঠোরতা আনা হয়েছে। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যখন প্রথমবারের মতো কমপ্লিশন লেটার, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি বা ডিপ্লোমা প্রদান করবে, সেই তারিখ থেকেই শিক্ষার্থীর পড়াশোনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে গণ্য হবে। নথিতে উল্লেখিত তারিখটিই কোর্স সমাপ্তির সরকারি তারিখ হিসেবে বিবেচিত হবে এবং এর ৯০ দিন পর স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে।

প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এসেছে। যেসব শিক্ষার্থীর স্টাডি পারমিটে নির্দিষ্ট কোনো ডিএলআই (DLI) বা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, তাদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হলে আগে নতুন স্টাডি পারমিট নিতে হবে। নতুন পারমিট ছাড়া অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়াকে অনুমতিবিহীন অধ্যয়ন হিসেবে গণ্য করা হবে, কারণ আগের প্রতিষ্ঠানে ভর্তি না থাকলে পুরনো স্টাডি পারমিট কার্যকর থাকে না। তবে একই প্রতিষ্ঠানে একই স্তরের অন্য প্রোগ্রামে পরিবর্তনের ক্ষেত্রে নতুন পারমিটের প্রয়োজন নেই। এছাড়া মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে যেতে হলেও নতুন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে নতুন স্টাডি পারমিট নেওয়া বাধ্যতামূলক।

একাডেমিক অগ্রগতির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। যদিও ১৫০ দিনের অনুমোদিত বিরতির নিয়ম বহাল রয়েছে, তবে অভিবাসন কর্মকর্তারা এখন থেকে একাধিকবার বিরতি নেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবেন। এছাড়া শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করতে পারছেন কি না, তা-ও নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে।

আইআরসিসি আরও জানিয়েছে, নির্দিষ্ট কিছু ওয়ার্ক পারমিটধারীকে স্টাডি পারমিট ছাড়া কানাডায় পড়াশোনা করার যে অস্থায়ী সুবিধা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে। ২০২৩ সালের ২৭ জুন চালু হওয়া ওই অস্থায়ী নীতি ২০২৬ সালের ২৭ জুন শেষ হওয়ায় এখন থেকে ওই সুবিধা আর কার্যকর থাকবে না। এ অবস্থায় কানাডায় অধ্যয়নরত বা আগ্রহী শিক্ষার্থীদের সর্বশেষ সরকারি নির্দেশনাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।