রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জনগণের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপান্তর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি বিএনপিকে ‘জাতীয় মুনাফেক ও বেইমানের দল’ হিসেবে অভিহিত করেন।
হাফেজ মেহেদী হাসান বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একই সঙ্গে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল—একটি জনগণের ম্যান্ডেট ও প্রত্যাশা নিয়ে গণভোট, অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। সরকার গঠনের পর বিএনপি ৭০ শতাংশ মানুষের গণরায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে শপথ নিয়েছেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে আপনারা জাতির সঙ্গে বেইমানি করেছেন।
১৯৯৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মন্ত্রীরা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে শুধু শিশু ও পাগলেরাই নিরপেক্ষ থাকে। জনগণের তোপের মুখে পড়ে মাত্র ১২ দিনের মাথায় আপনাদের পদত্যাগ করতে হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করছে এবং অতীতে আমাদের দাবি মেনে নেওয়ার পর তা আবার সরিয়ে নিয়েছে।
সমাবেশে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি জনগণের গণরায় মেনে নেওয়া না হয়, তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজন হলে ছাত্রজনতাকে নিয়ে রাজপথে নেমে বিচার নিশ্চিত করা হবে এবং আমরা শহীদ হতেও প্রস্তুত আছি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিজয়-২৪ হল, স্টেডিয়াম ও আবাসিক হলসমূহ প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” এবং “গণভোটের গণরায়, মানতে হবে” সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীব। এতে সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ শেখ হাসিনাকে বিদায় করেছে এবং আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছি। কিন্তু বিএনপির মুনাফেকি চরিত্র স্পষ্ট। তিনি আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানলে তিনি এখন শিলংয়ে থাকতেন না, আর তারেক রহমানও লন্ডনে থাকতেন না। বিএনপিকে জুলাই সনদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

