আখেরি চাহার সোম্বা: আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটির আওতায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোও আগামীকাল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই, দিনটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়। মুসলিম সমাজে দিনটি বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর অসুস্থতার সময় তার সাময়িক সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছিল। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। মহানবী (সা.)-এর সুস্থতার স্মরণে পরবর্তী সময়ে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে পালনের রীতি প্রচলিত হয়।

অনেক মুসলিম এ দিনকে শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। এ উপলক্ষে গোসল, দুই রাকাত নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদত করা হয়। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে। তবে আখেরি চাহার সোম্বা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এ কারণে ব্যক্তিগতভাবে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।