পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন বা ইএসজি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার অর্জন করেছে উর্মি গ্রুপ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই পুরস্কারগুলো গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেন, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উর্মি গ্রুপ মোট তিনটি প্রাতিষ্ঠানিক এবং একটি ব্যক্তিগত পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে। এছাড়া ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ ক্যাটাগরিতেও প্রতিষ্ঠানটি পুরস্কৃত হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে, গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে নির্বাচিত হয়েছেন। জলবায়ু কার্যক্রমে নেতৃত্বদান এবং প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি অগ্রাধিকারকে এগিয়ে নেওয়ার অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ জানান, এই অর্জনগুলো তাদের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। উল্লেখ্য, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে।

