আরও দুটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন: ব্যয় সাড়ে ৫৮ হাজার কোটি টাকা

রাজধানীতে আরও দুটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়েছে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের আওতায় লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য সাড়ে ৫৮ হাজার কোটি টাকার কেনাকাটার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ–সংক্রান্ত আটটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে লাইন-১–এর চারটি এবং লাইন-৫–এর একটি প্যাকেজের পূর্তকাজ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি লাইন-১–এর আরও দুটি এবং লাইন-৫ উত্তর রুটের একটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রকল্প দুটির বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর একনেক প্রকল্প দুটির প্রথম সংশোধনী অনুমোদন করেছে। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে এতে অর্থায়ন করছে।

লাইন-১–এর সিপি-০৬ প্যাকেজের আওতায় বাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা। এ ছাড়া সিপি-০৯ প্যাকেজে ট্র্যাক নির্মাণ ও বৈদ্যুতিক সুবিধা স্থাপনে ব্যয় হবে ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকা, যেখানে ভারতের এলঅ্যান্ডটি ও সুমিতোমোর যৌথ উদ্যোগকে সুপারিশ করা হয়েছে। সংকেত ও টেলিযোগাযোগব্যবস্থা এবং প্ল্যাটফর্মের পর্দার মতো প্রযুক্তিনির্ভর কাজের জন্য সিপি-১০ প্যাকেজে ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হবে। সিপি-০২ প্যাকেজে ডিপোর অবকাঠামো ও ওয়ার্কশপ নির্মাণের জন্য ৪ হাজার ২৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে লাইন-৫ উত্তর রুটের সিপি-০৩ প্যাকেজে হেমায়েতপুর থেকে আমিনবাজার ও নতুনবাজারের পর থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ ও পাঁচটি স্টেশন নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৬৭১ কোটি টাকা। এছাড়া লাইন-১–এর সিপি-০৪ প্যাকেজে রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত অংশ এবং সিপি-০৭ প্যাকেজে বালু নদ পর্যন্ত প্রধান লাইন নির্মাণের জন্য যথাক্রমে ১৮ হাজার ৩৭ কোটি ২৬ লাখ টাকা ও ২ হাজার ৫৩৪ কোটি টাকার চুক্তিমূল্য প্রস্তাব করা হয়েছে। লাইন-৫ উত্তর রুটের সিপি-০২ প্যাকেজে ডিপোর ভবন নির্মাণের জন্য ১ হাজার ৮৪৮ কোটি টাকার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

মেট্রোরেলের লাইন–৫ রুটটি গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কারওয়ান বাজার, হাতিরঝিল ও আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। অন্যদিকে লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত দুটি রুটে নির্মিত হচ্ছে।

.লাইন-১–এর সিপি-০৯ প্যাকেজে ট্র্যাক নির্মাণ ও বৈদ্যুতিক সুবিধা স্থাপন করা হবে। রেল, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিংয়ের পাশাপাশি ১৩২ কেভি প্রাথমিক ফিডার, রিসিভিং উপকেন্দ্র, সহায়ক উপকেন্দ্র, ৩৩/০.৪১৫ কেভি বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এবং ১ হাজার ৫০০ ভোল্টের ওভারহেড বিদ্যুৎব্যবস্থা থাকবে।