দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটটি এখন বিদ্যুৎ উৎপাদনের একদম শেষ পর্যায়ের দ্বারপ্রান্তে রয়েছে। বর্তমানে ইউনিট-১-এর পরবর্তী ধাপ ‘বি-টু’ বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমতির অপেক্ষায় রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
এই গুরুত্বপূর্ণ ধাপে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে তাপশক্তি উৎপাদনের সূচনা হবে, যা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনে রূপ নেবে। এর আগে ইউনিটটির জন্য প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের ‘স্টেজ বি-ওয়ান’ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। এছাড়া সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার মতো জটিল কাজও সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ‘বি-টু’ পর্যায়ে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক অপারেশনের জন্য প্রস্তুত করা হয়, যার পরেই ক্রিটিক্যালিটি পর্যায়ে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন শুরু হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, তারা বাডরার কাছে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, বাডরার কাছ থেকে অনুমতি পেলেই তারা পরবর্তী ধাপে প্রবেশ করবেন। আগের সব কাজ বর্তমানে সম্পূর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জমা দেওয়া নথিপত্র পর্যালোচনার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের জনভোগান্তির মধ্যে রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে, তা নিয়ে জনমনে আগ্রহ বাড়ছে। এদিকে, রূপপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত আটটি সঞ্চালন লাইনের নির্মাণ কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিটটি পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে উৎপাদন সক্ষমতার নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

