এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামো তৈরির বিশাল কর্মযজ্ঞে বিনিয়োগের উদ্দেশ্যে ওয়াল স্ট্রিটের ছয়টি শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়েছে চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটি জানিয়েছে, নতুন এই অর্থায়ন প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘমেয়াদে ৫০০ বিলিয়ন ডলারের বেশি তৃতীয় পক্ষের মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগে এনভিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস এবং কেকেআর।

উদ্যোগটির অংশ হিসেবে এনভিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। তবে এখনো কোনো চূড়ান্ত আর্থিক চুক্তি সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের পরিমাণ বা অর্থায়ন শুরুর সময়সীমা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং জানিয়েছেন, সম্ভাব্য এসব চুক্তির সর্বোচ্চ ২৫ শতাংশ বা ১২৫ বিলিয়ন ডলার পর্যন্ত দায়ভার নেওয়ার সুযোগ বা বিকল্প এনভিডিয়ার হাতে রয়েছে।

এই অংশীদারত্বের ফলে এআই ডেটা সেন্টার, কম্পিউটিং অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা এবং এনভিডিয়ার প্রযুক্তিনির্ভর ‘এআই ফ্যাক্টরি’ নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ প্রশস্ত হবে। এনভিডিয়ার ভাষ্যমতে, এই নতুন প্ল্যাটফর্মগুলো এআই ডেভেলপার, বড় বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং ক্লাউড সেবাদাতাদের বৃহৎ পরিসরে কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেবে। পাশাপাশি সম্পদ ব্যবস্থাপক ও বেসরকারি মূলধন বিনিয়োগকারীদের জন্য ব্যবহারের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ তৈরি হবে।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তাও বাড়ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০২৮ সাল নাগাদ বিশ্বব্যাপী ডেটা সেন্টার অবকাঠামোয় কয়েক ট্রিলিয়ন ডলারের মূলধন প্রয়োজন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে শুধু প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর অর্থের ওপর নির্ভর না করে প্রাইভেট ক্রেডিট, প্রাইভেট ইকুইটি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধন যুক্ত করার প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে।