দেশে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সম্প্রতি গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর জনমনে বিভ্রান্তি ও গুঞ্জন তৈরি হওয়ায় শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বর্তমানে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা গৃহীত হয়নি। এ ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করেছে সংস্থাটি। একই সঙ্গে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি গ্যাসের দাম সমন্বয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই সরকারকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। এর ফলে গ্যাস খাতে সরকারের ভর্তুকির পরিমাণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে সাময়িক বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি এই সুযোগে গ্যাসের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টাও লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে জনমতের বিভ্রান্তি দূর করতে এবং প্রকৃত অবস্থা তুলে ধরতে পেট্রোবাংলা এই আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেছে।
শনিবার (০১ আগস্ট) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

