বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, 'এ-৩' ও অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার সময় তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকা সাপেক্ষে প্রচলিত কেওয়াইসি (KYC) বিধি পরিপালন করে ব্যাংকগুলোকে হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হয়। এছাড়া অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের শর্তও যুক্ত থাকে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা একটি পরিপত্রের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, 'এ-৩' ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তাই বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।