১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ১১টি নির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা একটি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং এবং বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআর এই নির্দেশনা জারি করেছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এখন থেকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। আদেশে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, তবে তাদের ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন দাখিলের এই নিয়ম কার্যকর হবে।

এই আদেশের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের সব নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করতে পারবে অথবা বিদ্যমান তালিকা থেকে কোনো খাত বাদ দিতে পারবে।