কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে অপটিক্যাল যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লুমেনটামকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা মারভেল টেকনোলজি। ঋণসহ প্রায় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের এই চুক্তির মাধ্যমে এআই ডেটা সেন্টারে দ্রুতগতির তথ্য আদান-প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঘোষিত এই চুক্তিটি সম্পন্ন হবে সম্পূর্ণ শেয়ার বিনিময়ের মাধ্যমে। প্রস্তাবিত শর্ত অনুযায়ী, লুমেনটামের প্রতিটি শেয়ারের বিপরীতে মারভেলের ৪ দশমিক ৫টি শেয়ার দেওয়া হবে। এর ফলে লুমেনটামের শেয়ারধারীরা সম্মিলিত প্রতিষ্ঠানের প্রায় ৩৩ শতাংশের মালিকানা লাভ করবেন। উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এই চুক্তিতে সর্বসম্মত অনুমোদন দিয়েছে। এখন নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের আনুষ্ঠানিক অনুমোদনের পর ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
মারভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মারফি সম্মিলিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, এআই অবকাঠামোর দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তথ্য আদান-প্রদানে আলোকভিত্তিক সংযোগ প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। লুমেনটাম উচ্চক্ষমতাসম্পন্ন লেজার ও অপটিক্যাল যন্ত্রাংশ তৈরি করে, যা এআই ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং যোগাযোগ নেটওয়ার্কে দ্রুত তথ্য স্থানান্তরে ব্যবহৃত হয়। মারভেল কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশেষায়িত চিপ ও নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি করে। দুই প্রতিষ্ঠানের প্রযুক্তি একীভূত হলে দ্রুতগতির ও তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহারকারী ডেটা সেন্টার সংযোগব্যবস্থা তৈরির পথ সুগম হবে।
এই অধিগ্রহণের অন্যতম কৌশলগত লক্ষ্য হলো বড় প্রতিদ্বন্দ্বী ব্রডকমের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত এআই চিপ তৈরির বাজারে ব্রডকমের শক্ত অবস্থান রয়েছে। তবে বিপুল অঙ্কের এই বিনিয়োগের ঝুঁকি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এআই অবকাঠামো নির্মাণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় দীর্ঘমেয়াদে কতটা লাভজনক হবে, তা নিয়ে সংশয় রয়েছে। চুক্তির ঘোষণার পর সোমবার লেনদেন শুরুর আগে লুমেনটামের শেয়ার ৬ দশমিক ৫ শতাংশ এবং মারভেলের শেয়ার ২ দশমিক ৩ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণ মারভেলকে এআই ডেটা সেন্টারের সরবরাহব্যবস্থায় শক্তিশালী করলেও, চুক্তির সাফল্য নির্ভর করবে বিপুল মূল্য পরিশোধ এবং দুই প্রতিষ্ঠানের ব্যবসা একীভূত করার সক্ষমতার ওপর।

