ঢাকায় ভারতের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল

ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল সোমবার ঢাকায় আসছে। দুই দিনের এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েন এবং গত দুই বছরে বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের প্রস্তুতির জন্য ভারতের একটি অগ্রবর্তী দল আগেই ঢাকায় এসে পৌঁছেছে।

সফরসূচি অনুযায়ী, ভারতীয় প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও তাদের আলোচনার কথা রয়েছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতেরও আগ্রহ প্রকাশ করেছে।

ভারতীয় এই প্রতিনিধিদলে দেশটির বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। এর মধ্যে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গদরেজ কনজ্যুমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতাল অন্যতম।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যার মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। এই সফরের মাধ্যমে উভয় পক্ষ বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়নসহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।