বাংলাদেশে হাবিব ব্যাংকের (এইচবিএল) কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটির চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার তাদের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই সফরকালে এইচবিএলের শীর্ষ এই দুই কর্মকর্তা বাংলাদেশের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজন এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশের সঙ্গে চীন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আন্তর্জাতিক বাজারগুলোর অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
এইচবিএল গত পাঁচ দশকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বিশেষ অবদান রাখার পাশাপাশি দেশে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বর্তমানে ব্যাংকটি তাদের মূল্যবান গ্রাহকদের আরএমবি বা সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা প্রদান করছে। ব্যাংকটির দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়া ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের একটি হিসেবে তারা চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দিয়ে থাকে। এই সুবিধার ফলে চীনের রাষ্ট্রায়ত্ত ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও আর্থিক প্রবাহে গ্রাহকদের বিশেষ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে।

