রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ জানিয়েছেন, নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি দেশের সাধারণ মানুষ এবং বিদেশিদের গভীর আস্থা রয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর ১১তম আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে এবং সরকার প্রয়োজনীয় নীতিসহায়তা প্রদানের মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকবে।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, ব্যবসা-বাণিজ্যের ওপর নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তিনি বিনিয়োগকারীদের, বিশেষ করে দেশীয় উদ্যোক্তাদের সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সর্বোচ্চ নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অশান্ত পরিস্থিতি কেটে গেলে আগামী পুরো বছরটি কেবল প্রবৃদ্ধি অর্জনের সুযোগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের উচ্চতায় নিয়ে যেতে সরকার উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইপিবির পক্ষ থেকে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও তিনি দেন।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম বলেন, বিদ্যমান নীতিগত সীমাবদ্ধতাগুলো দূর করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি মাঠপর্যায়ে কৃষক ও শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনের আহ্বান জানান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সরকার শুধু জরিমানা করে দায়িত্ব শেষ করতে চায় না, বরং মানসম্মত পণ্য উৎপাদনকারী আসল কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। এছাড়া তিনি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সমাপনী অনুষ্ঠানে বাপার সভাপতি মাহবুব আনাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি উজমা চৌধুরী, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর ১১তম আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘আসুন আমরা একসঙ্গে কাজ করি। শুধু ২৬০ মিলিয়ন বা ১ বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে এই সেক্টরকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন হবে, আমরা সে পর্যন্ত আপনাদের সঙ্গে হাঁটতে রাজি আছি।’

