১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় পৃথক প্রস্তাবের ভিত্তিতে এসব পণ্য ক্রয় ও আমদানির সিদ্ধান্তগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করা হবে। এই ডাল সরবরাহের জন্য খুলনার ফুলতলার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এতে কর ও ভ্যাটসহ মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা, যেখানে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) চুক্তির অধীনে দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। প্রতিটি লটে ৪০ হাজার টন করে সার থাকবে এবং প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার দরে এতে মোট ব্যয় হবে প্রায় ৩৭৯ কোটি ৩৪ লাখ টাকা।

একই চুক্তিমূল্যে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিনটর্গ) থেকে আরও ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে, যাতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মাআদেনের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার মূল্যে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। এই ডিএপি সার আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা।