বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বেড়েছে অন্যান্য ধাতুর দরও

জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী নীতিমালার ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯২ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচারস বা আগাম দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৯ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের বৈশ্বিক প্রধান বার্ট মেলেক স্বর্ণের এই মূল্যবৃদ্ধির পেছনে জ্বালানি তেলের দরপতনকে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তেলের দাম কমায় স্বল্পমেয়াদী সুদের হারেও কিছুটা প্রভাব পড়েছে, যা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। সাধারণত জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়ায় এবং ফেড সুদের হার বেশি রাখতে বাধ্য হয়, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। স্পট সিলভার বা রুপার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪৫ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৫ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে।