মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ কিছুটা নিচে নামার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত কার্যদিবসে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়, যার ফলে দাম কমেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার পর স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১১৪ ডলার ৪৮ সেন্টে নেমে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৫০ সেন্ট হয়েছে।
বাজার বিশ্লেষক কাইল রোডা জানান, আগের সেশনে স্বর্ণের দাম যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা সংশোধন হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় থাকলে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ তেলের দামের পরিবর্তন ডলার, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশাকে প্রভাবিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ফলে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামও কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন জানিয়েছেন, মূল্যস্ফীতি মোকাবিলায় মুদ্রানীতি নির্ধারণে সতর্ক থাকা প্রয়োজন। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ৮৪ শতাংশ বিনিয়োগকারী মনে করছেন ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে। সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়, যা স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে, যা মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে। এছাড়া শুক্রবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশ করা হবে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৫৩ ডলার ১৪ সেন্ট, প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৭৬ ডলার ৪৪ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৯ ডলার ৪৭ সেন্টে দাঁড়িয়েছে।

