নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগামী নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নির্দেশনা কার্যকর করার জন্য বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরেই বিক্রি হবে। সাধারণত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। তবে এবার বর্তমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সর্বশেষ গত ২০শে সেপ্টেম্বর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি করেছিল। সেই বর্ধিত দাম ২১শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়, যা অক্টোবর মাসেও অপরিবর্তিত ছিল। সেই ধারাবাহিকতায় নভেম্বরেও দাম অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত এল।