আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে। জুলাই মাসেও এই একই মূল্য কার্যকর ছিল।
তবে ভোক্তাপর্যায়ের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য ফার্নেস অয়েলের নতুন মূল্য প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হয়েছে। এর আগে জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম ছিল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ, আগস্টে এই জ্বালানির দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমানো হয়েছে।

