চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি ও বাসদসহ কয়েকটি সংগঠন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের (সাবেক বিডা) কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি সই হয়। এই চুক্তির বিরোধিতা করে বেলা দুইটা থেকেই কার্যালয়টির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সিপিবি, বাসদসহ কয়েকটি প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে বেলা পৌনে তিনটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা শুরু করে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের এই লাঠিপেটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন অভিযোগ করে বলেন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চুক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এসেছিলেন। কিন্তু পুলিশ কোনো উসকানি ছাড়াই তাদের ওপর অতর্কিত লাঠিপেটা করেছে।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে সাজ্জাদ জহির চন্দন বলেন, "আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা রয়েছে, যা তাদের ওয়েবসাইটে গেলেই স্পষ্ট বোঝা যায়।" তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এই টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও sovereignty বা সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ পাবে এবং তারা দেশের নৌ ও বিমানবন্দর ব্যবহার করবে।
সিপিবি সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আজ দেশ ও জাতীয় সম্পদ আমেরিকার কাছে এবং ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দিচ্ছেন, তারা ইতিহাসে বেইমান ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষায় বামপন্থীরা রাজপথে লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা দেন।

