জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত তৈরি পোশাক খাতের কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। তবে এই সংকটের আসল প্রভাব বুঝতে আরও অন্তত তিন মাস সময় লাগবে বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বর্তমানে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাক খাতের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিএমইএ সভাপতি বলেন, গত কয়েক দিনের তুলনায় বর্তমানে গ্যাসের সরবরাহ বেড়েছে। বিদ্যুৎ বা জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হওয়ার তথ্য তাদের কাছে নেই। তবে এই সংকটের প্রকৃত অভিঘাত আরও তিন মাস পর স্পষ্ট হবে।

মাহমুদ হাসান খান ব্যাখ্যা করে বলেন, পোশাক শিল্পে যেকোনো সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না। একটি কারখানা বন্ধের সিদ্ধান্ত এক দিনে নেওয়া যায় না। পাইপলাইনে থাকা ক্রয়াদেশ সম্পন্ন করা, শ্রমিকদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ এবং ব্যাংকের দায়-দেনা মেটানোসহ বিভিন্ন বিষয় গুছিয়ে নিতে অন্তত ছয় মাসের একটি পরিকল্পনার প্রয়োজন হয়। তাই ছয় মাস বা এক বছর আগের কোনো সমস্যার কারণে এখন কোনো কারখানা বন্ধ হলে, সেটিকে বর্তমান জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়েছে বলে বিবেচনা করা যাবে না।

গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় ডাইং ও ওয়াশিংসহ ব্যাকওয়ার্ড লিংকেজ খাতগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সম্প্রতি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর শিল্পকারখানায় গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ঘোষণা কার্যকর হয়েছে, যা পোশাক খাতে কিছুটা স্বস্তি এনেছে। তবে সংকটের সময়ে স্বাভাবিক ৮ থেকে ১০ ঘণ্টার কাজের বাইরে বিকল্প জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে উদ্যোক্তাদের। এতে ব্যবসার খরচ বাড়লেও সময়মতো পণ্য রপ্তানি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিজিএমইএ জ্বালানি মন্ত্রণালয়ের কাছে একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জমা দিয়েছে। তাদের বিশ্বাস, এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সমস্যার বড় সমাধান সম্ভব। এছাড়া বিজিএমইএ দুটি অতিরিক্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের দাবি জানিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে স্থলভিত্তিক (ল্যান্ড-বেইজড) স্টোরেজ টার্মিনাল নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে। চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে একটি এফএসআরইউ আনার চুক্তি হলেও, বিজিএমইএ মনে করে শুধু এফএসআরইউ বাড়িয়ে লাভ নেই যদি বিতরণ লাইন উন্নত না করা হয়। তাই এফএসআরইউর পাশাপাশি গ্যাস বিতরণ লাইন উন্নয়নের দাবিও জানান তিনি।

পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানায় গ্যাস সংযোগ ও রেশনিংয়ে সর্বোচ্চ অগ্রাধিকার, ১০০ থেকে ৫০০ পিএসআই বয়লারসম্পন্ন কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ, উপকূলীয় অঞ্চলে দ্রুত গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য কম সুদে ‘গ্রিন লোন’ দেওয়ার দাবি জানিয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে মাহমুদ হাসান খান নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, ২০১৯ সাল থেকে তিনি নিজের কারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন, যার বর্তমান উৎপাদন ক্ষমতা প্রায় ১৪ মেগাওয়াট। সদস্য কারখানাগুলোতে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদি রিটার্ন ও সুদের হারের কারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কম সুদের গ্রিন ফাইন্যান্স নিয়ে আলোচনা চলছে।

এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, জাতিসংঘে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর সরকারি উদ্যোগ ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ইতিবাচক। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি পাস হবে বলে তারা আশাবাদী। এই অতিরিক্ত সময় পাওয়া গেলে এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া সহজ হবে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বাধীন কমিটিতে বেসরকারি খাতকে যুক্ত করা হয়েছে।

এলডিসি উত্তরণের পর বাংলাদেশের পোশাক রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে জিএসপি প্লাসের চেয়ে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে বিজিএমইএ। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে। এছাড়া ব্যবসা সহজীকরণের জন্য কোম্পানি ও কাস্টমস আইন আধুনিকায়ন, দ্রুত এফটিএ/ইপিএ চুক্তি সম্পাদন এবং রপ্তানি খাতে পরবর্তী পাঁচ বছরের জন্য বিশেষ নীতিগত সহায়তা ও শুল্ক-কর কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানানো হয়েছে।

নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে সভাপতি জানান, গত এক দশক ধরে চলা প্রচেষ্টার ফলে বর্তমানে ৪০ বিলিয়ন ডলারের মোট রপ্তানির মধ্যে প্রায় ৮ বিলিয়ন ডলার আসছে অপ্রচলিত বাজারগুলো থেকে। জাপানি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সহজ করতে বিজিএমইএ একটি ‘জাপান ডেস্ক’ চালু করছে, যেখানে জাপানি ভাষায় দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাপানে বর্তমান ৫০০ মিলিয়ন ডলারের রপ্তানি বাড়িয়ে ২ থেকে আড়াই বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতকে কেবল কম দামের পণ্য উৎপাদনকারী হিসেবে নয়, বরং আধুনিক ও উদ্ভাবননির্ভর শিল্প হিসেবে তুলে ধরতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সঙ্গে একটি কৌশলগত চুক্তি সই করা হয়েছে।