দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিক ভিত্তিক তথ্য অনুযায়ী, তফসিলি ব্যাংকসমূহের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২.১৭ শতাংশই খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। গত ৫ বছরের তুলনামূলক চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। সংসদকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ছিল ওই সময়ের মোট বিতরণকৃত ঋণের ৭.৬৪ শতাংশ। এরপর থেকে এই পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে গেছে।
বিগত ৫ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকায় পৌঁছায়, যা ছিল মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ৮.৩৯ শতাংশ।
ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংসদকে জানানো হয়।

