ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে এবং আগামী ৫০ বছরের সহযোগিতার একটি বলিষ্ঠ ভিত্তি স্থাপন করেছে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সফরের মাধ্যমে রাজনৈতিক আস্থা, কৌশলগত যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী হয়েছে। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের স্বাধীন উন্নয়নের পথকে সম্মান করে এবং সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সফরের অন্যতম প্রধান অর্জন হলো বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ বা ‘কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ থেকে তাজা কাঁঠাল রপ্তানির প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এর আগে চীনের বাজারে বাংলাদেশের আম প্রবেশ করেছে এবং ভবিষ্যতে আরও কৃষিপণ্য রপ্তানির আশা প্রকাশ করেন তিনি। এছাড়া বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে দুই দেশ একটি যৌথ কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে এবং চীনে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগ অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজতর করবে।
তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, সম্ভাব্যতা সমীক্ষাসহ প্রয়োজনীয় কারিগরি কাজ এগিয়ে নিতে দুই দেশের বিশেষজ্ঞরা কাজ করছেন। এছাড়া ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে ভবিষ্যতে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, সংকট সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপ ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ের মাধ্যমে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করতে প্রস্তুত।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে অর্জিত সমঝোতাগুলো বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি নজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য রাখেন।

