দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামে একটি নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। মূলত গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা থেকে এই সহজ শর্তের অর্থায়ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে তারা ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।
গত ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই নতুন এই ঋণ কর্মসূচির বিষয়টি উঠে আসে।
বৈঠকে অংশগ্রহণকারী সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক শীঘ্রই এই প্রকল্পের বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এরপরই বাণিজ্যিক ব্যাংকগুলো এই প্রকল্পের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু করতে পারবে।
প্রকল্পটির আওতায় ঋণের সুদের হার, জামানতের শর্তাবলী, সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ এবং আবেদন প্রক্রিয়াসহ কারা এই ঋণের সুবিধা পাওয়ার যোগ্য হবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

