চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণের দাবি নেতাদের

দেশের অন্যান্য শিল্প খাতের তুলনায় চা শিল্পের কারিগরি শ্রমিকদের দৈনিক ও মাসিক মজুরি অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন চা শ্রমিক নেতারা। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে উন্নত জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউজ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চা বাগানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি যাচাইয়ের জন্য সরকার গত ১৯ আগস্ট একটি পরিদর্শন কমিটি গঠন করেছে। এই কমিটি বিভিন্ন চা বাগান সরেজমিনে পরিদর্শন করে একটি নিরপেক্ষ ও বাস্তবমুখী প্রতিবেদন সরকারের কাছে তুলে ধরবে বলে তারা আশা প্রকাশ করেন।

নৃপেন পাল আরও বলেন, সব ধরনের প্রতিকূলতা দূর করে সরকার চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবে, যা তাদের জীবনমান ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন। বর্তমান সরকার গত ৪ আগস্ট ২০২৬ তারিখে এই নির্বাচন আয়োজনের ব্যয় বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

সংবাদ সম্মেলনে চা শ্রমিকদের আশু কল্যাণ, সরকারের আন্তরিকতা এবং চা শিল্পের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা চা শ্রমিকদের সাময়িকভাবে অপেক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, কিছুটা সময় দিলে মানসম্মত মজুরি নির্ধারণ এবং কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনের পথ আরও সুগম হবে। এছাড়া পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীর জীবনমান ও অধিকারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বক্তব্য দেন। এছাড়া কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহসভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ বিভিন্ন ভ্যালির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।