শ্রীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৯৯৯-এ কল দেওয়া স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন অভিযুক্ত স্বামী নিজেই। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করেছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সীমা রানী (২৫) ওই গ্রামের ৩৫ বছর বয়সী উদ্দীপ নামের এক যুবকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী উদ্দীপের সঙ্গে কথা-কাটাকাটি হয় সীমা রানীর। বাকবিতণ্ডার একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়ে ঘটনাস্থলেই মারা যান সীমা রানী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে ওই রাতেই স্বামী উদ্দীপকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।