চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজের মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেহেনা বেগম তার স্বামীর মৃত্যুর পর থেকে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছেন। পরিবারের বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার মায়ের ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি।
গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম তার ছেলে সাইফুলের কাছে ভরণ-পোষণের টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাইফুল তার মাকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতও করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা আহত অবস্থায় রেহেনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেনের নেতৃত্বে পুলিশি অভিযানে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

