সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্যামনগরের সাফিউল ইসলাম

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জুলাই মাসের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে শ্যামনগর থানার ওসির হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

একই আয়োজনে বিভিন্ন অভিযানে দক্ষতার পরিচয় দেওয়ায় এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী এবং এএসআই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবরে শ্যামনগর থানা পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহলও এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। সম্মাননা গ্রহণের পর ওসি সাফিউল ইসলাম বলেন, এই অর্জন মূলত শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।