সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষিজমির জলাবদ্ধতা ও লবনাক্ততা নিরসন, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেন্স কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
স্বারকলিপি প্রদানের সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় কমিটির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে কৃষিজমির জলাবদ্ধতা দূর করতে পানি নিষ্কাশন ব্যবস্থার পর্যালোচনা ও উন্নয়ন এবং নিরাপদ সেচ ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া খাল ও জলাশয়ের পানি নিষ্কাশনের পথ দখল বা ভরাটকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কৃষিজমি, খাল ও জলাশয়ে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি ব্যবহৃত কীটনাশকের বোতল ও প্যাকেটসহ কৃষি সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ বর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও নিষ্পত্তির দাবিও জানানো হয়। একই সাথে কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কম্পোস্ট ও জৈব সার উৎপাদন এবং এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পানি ও কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি, রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী এবং কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো আলম চৌধুরী। এছাড়া পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী ও আটুলিয়া ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

