সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে গঠিত কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মাজারের উন্নয়নকাজে সংগৃহীত অর্থের ৩৫ শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের দৈনন্দিন ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং আনসার সদস্যদের বেতন প্রদানের জন্য বরাদ্দ রাখা হবে। সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন কমিটির সদস্যসচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আর মামুন।
জেলা প্রশাসক জানান, দানের অর্থের হিসাব ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এই পদে অবসরপ্রাপ্ত সরকারি বা সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি হিসাব রক্ষণের জন্য একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মাজার পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। মাজারের মোতোয়াল্লি সদস্যসচিব হিসেবে থাকবেন। এছাড়া সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
উল্লেখ্য, গত জুন মাস থেকে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিশেষ কমিটি কাজ শুরু করে। এর পর থেকে চার দফায় দানবাক্স ও ডেগ থেকে ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া গেছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর গণনা শেষে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। এছাড়া এই সময় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা পাওয়া গিয়েছিল। এর আগে ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল।

