পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে দেবীগঞ্জ-সোনাহার সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর প্রধান স্থানীয় রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলমগীর প্রধান নিজের মোটরসাইকেলে করে সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের চালক তন্ময় ও তার সঙ্গে থাকা এক আরোহী আহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণেই দুই মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিহতের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।