সাজেকের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, ভ্রমণে নেই বাধা

রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রের সব পর্যটন স্পট পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ভ্রমণের জন্য যে সাজেকের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছিল, তা এখন থেকে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে আবারও পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ও কাপ্তাই হ্রদকে ঘিরে গড়ে ওঠা পর্যটনশিল্পে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।