চেক জালিয়াতির মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদ কারাগারে

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার পাঁচ নম্বর যুগ্ম মহানগর দায়রা জজ সাদিক আহমেদের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

আসামি সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের এই মামলাটি যখন দায়ের করা হয়েছিল, তখন সাহেদ সাড়ে চার বছর কারাগারে ছিলেন। সেই সময় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরবর্তীতে গত বছরের ৫ এপ্রিল আদালত তাকে এই মামলায় সাজা প্রদান করেন এবং সমপরিমাণ অর্থাৎ ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আইনজীবী আরও বলেন, এখন যেহেতু তিনি কারাগারে রয়েছেন, তাই এ বিষয়ে তারা আপিল করবেন।

এর আগে, গত রোববার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।