পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা জানান, গত ৪ অক্টোবর রাতে চর রূপপুর বিবিসি বাজারের চেরু মার্কেটের সামনে শিক্ষক আনিছুর রহমানকে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ হোসেন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষক জাতির নির্মাতা। দিনের আলোতে এমন ন্যক্কারজনক হামলা ও লাঞ্ছনার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বুলবুল জানান, সহকারী শিক্ষক আনিছুর রহমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তারা এলাকাবাসীকে নিয়ে এই বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভকারীরা এ সময় ‘শিক্ষকের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার কর’সহ বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার জানান, তিনি বিষয়টি আজই জানতে পেরেছেন। তবে ছোট শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় মানববন্ধন করার অনুমতি শিক্ষা অফিস দিতে পারে না। তিনি উল্লেখ করেন, যদি পূর্বশত্রুতার জেরে ব্যক্তিগত কারণে রাতে এই ঘটনা ঘটে থাকে, তবে শিক্ষা অফিসের করার মতো তেমন কিছু থাকে না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিক্ষককে মারধরের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

