কক্সবাজারে হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার পৌর বাসটার্মিনাল সংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামের আব্দুল খালেক মজুমদারের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, আতাউল কবির গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে একাই হোটেলটিতে গিয়ে ৪০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেলের নথিপত্র অনুযায়ী শুক্রবার সকাল ১১টার দিকে তার চেকআউট করার কথা ছিল। নির্ধারিত সময়ের পর তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এবং বারবার দরজায় ধাক্কা দেওয়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা কক্সবাজার সদর থানায় বিষয়টি জানান।

পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র ও ব্যক্তিগত মালামাল জব্দ করেছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবছার ওই পুলিশ সদস্যের কর্মস্থলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাউল কবির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।